প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনের কারাদন্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলার কোষাবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবীর।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কোষাবন্দর এলাকার টাঙ্গন নদী থেকে একটি ট্রাক্টর ট্রলিতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ট্রলির চালক ও তার সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় বালুভর্তি ট্রলিটিও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলি চালক আবুল কালাম এবং তার সহযোগী রাজু ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আবুল কালাম উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং রাজু ইসলাম কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে তাদের এ দন্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে বালু বহনকারী ট্রলিটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫